বগুড়ায় ২৬ টনপলিথিন জব্দ, জরিমানাসহ ৩ জনের কারাদণ্ড

পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর নিষিদ্ধ পলিথিন মজুদের বিরুদ্ধে বগুড়ায় বিশেষ অভিযান চালিয়েছে র্যাব-১২।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে শহরের কালিতলা এলাকায় একটি বেনামি গোডাউনে অভিযান চালিয়ে ২৬ হাজার কেজি (২৬ টন) অবৈধ পলিথিন জব্দ করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—গোডাউনের ম্যানেজার বগুড়া সদর উপজেলার আটাপাড়া এলাকার মো. হেলালুজ্জামান (৪৫), নাটাইপাড়া এলাকার মো. রফিকুল ইসলাম (৪০) ও গোকুল এলাকার মো. জাকারয়া (২২)।
র্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিতলা এলাকার ঝর্ণা হোমিও হলের পূর্ব পাশে ভান্ডারী পাইপ ফ্যাক্টরি সংলগ্ন গোডাউনে অভিযান চালানো হয়। গোডাউন ও একটি ট্রাকভর্তি বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন পাওয়া গেলে তিনজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে এ ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম। তিনি গোডাউনের ম্যানেজার হেলালুজ্জামানকে পরিবেশ সংরক্ষণ আইনে ২ লাখ টাকা অর্থদণ্ড ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। সহযোগী রফিকুল ইসলামকে এক মাস এবং জাকারয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম জানান, এটি একটি সংঘবদ্ধ চক্রের কাজ। এর আগেও ডিবি পুলিশ ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১২ টন পলিথিন জব্দ করেছিল। প্রকৃত মালিক আমিনুর ইসলাম শিবুকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
জব্দ করা ২৬ টন পলিথিন পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ জানান, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/মো.আ.