হয় চাঁদাবাজ থাকবে, না হয় আপনি থাকবেন: ওসিকে চিফ হুইপ

বরগুনার পাথরঘাটায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ নুরুল ইসলাম মনি।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিমকে উদ্দেশ করে তিনি বলেন, ‘হয় আপনি থাকবেন, নয়তো চাঁদাবাজেরা থাকবে। আগামী দুই মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূল করতে না পারলে আপনি পাথরঘাটায় থাকবেন না। কারণ, আপনি থাকতে এখানে কোনো কিশোর গ্যাং ও চাঁদাবাজ থাকতে পারে না।’
শুক্রবার (১৬ অক্টোবর) এক সপ্তাহের সফরে নিজ নির্বাচনী এলাকায় অবস্থানকালে পাথরঘাটা উপজেলা পরিষদের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন ও আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় চিফ হুইপ অভিযোগ করেন, তার নাম ব্যবহার করে আউয়াল নামের এক ব্যক্তি চাঁদাবাজি করেছেন। তাকে আইনের আওতায় আনার নির্দেশ দিয়ে তিনি বলেন, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন তিনি।
এ সময় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পাথরঘাটায় জামায়াতে ইসলামীর সাবেক আমির শামীম হাসানের ওপর দুর্বৃত্তদের হামলার প্রসঙ্গও তুলে ধরেন চিফ হুইপ।
তিনি অভিযোগ করেন, এ ঘটনার দায় তার ওপর চাপানোর চেষ্টা চলছে। হামলার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে কি না, তা তদন্তের নির্দেশ দিয়ে তিনি বলেন, রাতের আঁধারে মুখোশধারীরা হামলা চালিয়েছে বলে শুনেছেন।
তার ধারণা, বিরোধী কোনো পক্ষ এ ঘটনায় জড়িত থাকতে পারে। তবে হামলাকারীরা তার নিজের দলের হলেও তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ওসিকে নির্দেশ দেন তিনি।
পাথরঘাটার জেলেদের দীর্ঘদিনের দাবির প্রসঙ্গ তুলে চিফ হুইপ বলেন, ট্রলিং জালের কারণে ইলিশের প্রজনন ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশের অন্যান্য এলাকায় ট্রলিং বোট চললেও পাথরঘাটায় কোনো অবৈধ ট্রলিং বোট চলতে দেওয়া হবে না।
মতবিনিময় সভায় উপজেলার রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতিও দেন তিনি। সফরকালে পাথরঘাটা উপজেলা পরিষদের সংস্কার ও উন্নয়নকাজের উদ্বোধন, জেলেদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ এবং লেমুয়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করেন চিফ হুইপ।
এ ছাড়া পাথরঘাটার বিভিন্ন এলাকা পরিদর্শনের পাশাপাশি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপও পরিদর্শন করেন তিনি।
ভোরের আকাশ/ইউএম