চশমা ছাড়া কোরআন পড়া ১২৩ বছরের সেই আব্বাস মারা গেছেন

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই কোরআন পড়তে পারা আলোচিত শতবর্ষী আব্বাস প্রামাণিক মারা গেছেন। তাঁর বয়স ছিল ১২৩ বছর।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামের নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নাতি রিপন হোসেন। মৃত্যুকালে আব্বাস প্রামাণিক দুই মেয়ে ও ছয় ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি যোগেন্দ্রনগর গ্রামের মৃত সদর উদ্দিনের ছেলে।
পরিবার সুত্রে জানা যায়, আব্বাস প্রামাণিক শারীরিকভাবে সুস্থ ছিলেন। তবে রবিবার (১১ অক্টোবর) হঠাৎ তাঁর শারীরিক অবস্থার পরিবর্তন ঘটে। এ সময় তাঁর কথাবার্তায় অস্বাভাবিকতা দেখা দেয়। একপর্যায়ে তিনি কথা বলার শক্তি হারিয়ে ফেলেন। পরে তাঁর চিকিৎসার দায়িত্বে থাকা খুবজিপুর প্রবীণ সেবাকেন্দ্র কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে সেবাকেন্দ্রের পক্ষ থেকে চিকিৎসক পাঠানো হয় এবং তাঁকে চিকিৎসাসেবা দেওয়া হয়। তবে শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
খুবজিপুর প্রবীণ সেবাকেন্দ্রের ইউনিটের সাধারণ সম্পাদক ও শিক্ষক আবু সাইদ সরকার বলেন, ‘আব্বাস প্রামাণিক দীর্ঘদিন ধরে আমাদের সেবাকেন্দ্র থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা নিচ্ছিলেন। তাঁর অসুস্থতার খবর পেয়ে আমরা বাড়িতে চিকিৎসক পাঠিয়েছিলাম। আমাদের পক্ষ থেকে যথাযথ চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতেই তাঁর মৃত্যু হয়।’
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ বলেন, আব্বাস প্রামাণিক উপজেলার প্রবীণ ব্যক্তিদের একজন ছিলেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব সময় তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হতো। তাঁর মৃত্যুর খবর শুনে তিনি দুঃখ প্রকাশ করেন।
ভোরের আকাশ/ এনউব