খুলনা রুপসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

খুলনার রূপসায় মঙ্গলবার (৬ অক্টোবর) গভীর রাতে একটি মুদি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের সাথে সাথে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
প্রাথমিকভাবে জানা যায়, আগুন লাগার একপর্যায়ে দোকানের ভেতরে থাকা একটি গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মধ্যরাতের দিকে পূর্ব রূপসার রূপালী সি ফুডের সামনে অবস্থিত একটি মুদি দোকানে আকস্মিকভাবে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন দোকানের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দোকানে থাকা গ্যাস সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হলে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
আগুনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং নিজেদের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। একইভাবে অগ্নিকাণ্ডে দোকানের কী পরিমাণ মালামাল পুড়ে গেছে বা আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ কত—তাও জানা যায়নি।
স্থানীয়দের আশঙ্কা, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন আরও ভয়াবহ রূপ নিতে পারত। বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের ঘটনায় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থাকায় গ্যাস সিলিন্ডার ব্যবহারে নিরাপত্তা নিশ্চিত করা এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এবিষয়ে রুপসা থানার ওসি জানান, ঘটনাটি বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে সুত্রপাত হয়েছে বলে জানা গেছে। তবে কেউ কোন বড় দুর্ঘটনার শিকার হয়নি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পরই নিশ্চিত হওয়া সম্ভব বলে জানিয়েছেন।
ভোরের আকাশ/ইউএম