দায়িত্ব নেওয়ার পর থেকে অনেক ইতিবাচক পরিবর্তন এসেছে : ট্রাস্টি দীপক কুমার

২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পটপরিবর্তন পর দেশের সংকটময় সময়ে চট্টগ্রামে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করেন দীপক কুমার পালিত। দেশের ক্রান্তিলগ্নে প্রতিকূল পরিস্থিতিতে সনাতনী ধর্মাবলম্বীদের পাশে দাড়িয়ে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন, জনসংখ্যার অনুপাতিক হারে সংসদে প্রতিনিধিত্ব করাসহ বিভিন্ন যৌক্তিক দাবি বাস্তবায়নের লক্ষ্যে রাজপথে সম্মুখ সারীর যোদ্ধা হিসেবে কাজ করে গেছেন দীপক কুমার পালিত।
সনাতনী সম্প্রদায়কে ঐক্যবদ্ধ রাখার পাশাপাশি সম্প্রীতি ও স্বাধীনতার পক্ষে শক্তিকে সুসংগঠিত করতে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করতে গিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসন থেকে মনোনয়ন গ্রহণ করলেও বৃহত্তর রাজনৈতিক স্বার্থে তিনি নিজে সরে দাঁড়িয়ে জাতীয়তাবাদী শক্তিকে সমর্থন জানান যা তার দায়িত্ববোধ ও দূরদর্শিতার প্রমাণ বহন করে। দীপক কুমার পালিত হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের, ট্রাস্টি হিসেবে দায়িত্ব নেয়ার পর ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক বিদ্যালয় ও গীতা শিক্ষাকেন্দ্র গুলোকে আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যাচ্ছেন।
মাঠ পর্যায়ে নিয়মিত পরিদর্শনের মাধ্যমে তিনি পাঠদান পদ্ধতি ও শিক্ষার্থীদের উপস্থিতি পর্যবেক্ষণ করার পাশাপাশি শিক্ষকদের সঙ্গে সমন্বয় করার কারণে শিক্ষার পরিবেশ উন্নয়নে মন্দির ভিত্তিক শিক্ষাব্যবস্থাকে আরও গতিশীল করেছেন।
ভোরের আকাশ/এনএস