জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মুন্সীগঞ্জে বিএনপির শোভাযাত্রা

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে এই শোভাযাত্রা বের হয়।
মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে অনুষ্ঠিত শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানারপুলস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় মহিউদ্দিন আহমেদ বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের নিপীড়ন-নির্যাতন ও ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।” আগামীর দেশ পরিচালনার জন জননেতা তারেক রহমানের হাত শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান করেন তৃণমূল কর্মীদের প্রতি।
আওয়ামী ফ্যাসিবাদী সরকারের ১৭ বছর যে নির্যাতন আমাদের করেছে , তা অনেকটাই আমরা ভুলে গেলেও জননেতা তারেক রহমান ভুলতে পারে না। আমরা তৃণমূল কর্মীদের নিয়ে আগামী নির্বাচনে ধানের শীর্ষ নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ।
দেশ সেবায় তারেক রহমানের আদর্শ সকলের কাছেই অমর বাণী, আমাদেরও তা মেনে চলাই হবে ৭ ইং নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের অঙ্গীকার।
এর আগে সদর উপজেলার দুটি পৌরসভা ও নয়টি ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী ব্যানার, ফেস্টুন, ক্যাপ ও টিশার্ট পরে বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিল নিয়ে শহরে জড়ো হন। শহরের প্রতিটি মোড় ও সড়কে ছিল নেতাকর্মীদের উচ্ছ্বাস, স্লোগান ও উৎসবমুখর পরিবেশ।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহীদুল ইসলাম শহীদ, শাহাদাত হোসেন সরকার, কাজী আবু সুফিয়ান বিপ্লব, মিরকাদিম পৌর বিএনপির সভাপতি মো. জসিমউদ্দিন আহমেদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।
ভোরের আকাশ/জাআ