খুলনায় বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের বিজ্ঞ পাখি কর্মকর্তাদের সম্মেলন

মেয়েদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠিত বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে খুলনায় বিজ্ঞ পাখি (শিক্ষক) ও প্রাথমিক শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে এক সম্মেলনের আয়োজন করেছে।
বাংলাদেশ সরকারের ৩১ নং আইন অনুযায়ী ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন একটি সরকার স্বীকৃত শিক্ষাশ্রয়ী প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত পাঠ্যক্রমের সম্পূরক শিক্ষা কার্যক্রম হিসেবে গার্ল গাইডিং অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকেই মেয়ে শিশু, কিশোরী ও যুব নারীদের দক্ষ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় ১০ জুন সকাল ১০টায় হোটেল রয়াল ইন্টারন্যাশনাল-এ খুলনা ও বরিশাল অঞ্চলে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে বিজ্ঞ পাখি (শিক্ষক) এবং প্রাথমিক শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশগ্রহণে সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে স্বাগত বক্তব্য দেন খুলনা অঞ্চলের আঞ্চলিক কমিশনার চাঁদ সুলতানা। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম) প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ এবং বরিশাল অঞ্চলের আঞ্চলিক কমিশনার জাহানারা বেগম।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. মোঃ শফিকুল ইসলাম। প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণে করণীয় বিষয়ে আলোচনা করেন ডেপুটি জাতীয় কমিশনার (প্রশাসন) সাবিনা ফেরদৌস।
সম্মেলনের প্রধান আলোচক ছিলেন সিফাত মেহনাজ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মিজ হুরে জান্নাত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাজী জেবুন্নেছা বেগম।
সম্মেলনে খুলনা ও বরিশাল অঞ্চলের বিভিন্ন জেলা থেকে বিভাগীয় ও জেলা প্রশাসনের প্রতিনিধি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিজ্ঞ পাখি (গাইড শিক্ষক), আঞ্চলিক ও জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যসহ প্রায় ২৩০ জন অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সমাপনীতে ধন্যবাদ জ্ঞাপন করেন হলদে পাখি কমিশনার বেলা রানী সরকার।
ভোরের আকাশ/এম