ফেসবুক পোস্টকে কেন্দ্র করে যুবদল কর্মীকে পিটিয়ে জখম

ফেনীর সোনাগাজীতে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে শাহ আলম সুমন (৪২) নামে এক যুবদল কর্মীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের ভোরবাজার এলাকায় ইত্যাদি স্টোরের সামনে এ ঘটনা ঘটে। আহত সুমন হাজীপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে সুমনের ওপর ১০ থেকে ১২ জনের একটি দল অতর্কিত হামলা চালায়। আহত শাহ আলম সুমনের দাবি, যুবদল নেতা সোহাগ, সিএনজি সোহাগ, রাকিব ও তাহসিনসহ ১০ থেকে ১২ জন তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করেন।
হামলার পর সুমনের ভাতিজা কাজী ইউসুফ তাকে উদ্ধার করে দ্রুত সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান।
সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রোকেয়া সুলতানা লোপা বিষয়টি নিশ্চিত করে জানান, আহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।
ভোরের আকাশ/সু.পা