নেত্রকোনায় শিক্ষার্থীকে ‘ভাষাসৈনিক এস কে চৌধুরী মেধাবৃত্তি’ প্রদান

নেত্রকোনায় ৩০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ‘ভাষা সৈনিক সামছুল কিবরিয়া চৌধুরী মেধাবৃত্তি’ (এস. কে. চৌধুরী) পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) সকালে জেলা শহরের মোক্তারপাড়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভাষা সৈনিক সামছুল কিবরিয়া চৌধুরী ফ্রিডম ফোরাম, নেত্রকোনা'র ব্যবস্থাপনায় এবং ‘দি ক্যাডেট কোচিং সেন্টার’ নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে দি ক্যাডেট কোচিং সেন্টার মিলনায়তনে এ মেধাবৃত্তি প্রদান করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাস্ট্র বিজ্ঞান সমিতি নেত্রকোনা জেলা শাখার সভাপতি প্রফেসর ননী গোপাল সরকারের সভাপতিত্বে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাতিমা নাওয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ভাষা সৈনিক সামছুল কিবরিয়া চৌধুরী ফ্রিডম ফোরামের প্রতিষ্ঠাতা ম. কিবরিয়া চৌধুরী হেলিম।
এসময় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক অলি উল্লাহ, আব্বাসিয়া স্কুলের প্রধান শিক্ষক মো. মুরশাইন হাবিবুর রহমান, প্রতিষ্ঠানের পরিচালক শফিকুল ইসলাম রিপন, আরিফুল ইসলাম, সাংবাদিক কামাল হোসাইন, লাভলু পাল চৌধুরী, হাফিজ উল্লাহ চৌধুরী আলিম , কবি ও সাংবাদিক সৈয়দ সময়, এ বি চৌধুরী নাদিম, জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘সুশৃঙ্খল ও সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে উঠতে ক্যাডেটদের মতো নিয়মতান্ত্রিক জীবনযাপন করা প্রয়োজন। শিক্ষার্থীদের নিজেদের পরিবার ও দেশের কল্যাণে নিবেদিত হতে হবে।’ ভাষা সৈনিক সামছুল কিবরিয়া চৈৗধুরী ফ্রিডম ফোরামের শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডের প্রশংসা করে বক্তারা সন্তানদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। আলোচনা শেষে প্রধান অতিথি ম. কিবরিয়া চৌধুরী হেলিম উত্তীর্ণ ৩০জন শিক্ষার্থীর হাতে বৃত্তির সনদ ও পুরস্কার তুলে দেন।
ভোরের আকাশ/এসএইচ