কুমারখালীতে কলাবাগান থেকে নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বাদশা শেখ (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের উত্তরপাড়া সাঁওতা এলাকায় কালী নদীর শুকিয়ে যাওয়া অংশের একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বাদশা শেখ ওই ইউনিয়নের সাঁওতা গ্রামের মৃত আফতাব শেখের ছেলে। তিনি স্থানীয় কালীগঙ্গা নদীর মাছ চাষ প্রকল্পে নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন দিন আগে রাতে ডিউটিতে যাওয়ার কথা বলে বাদশা বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।
বুধবার বেলা ১২টার দিকে স্থানীয় এক ব্যক্তি কলাবাগানে মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি বাদশার বলে শনাক্ত করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় বাঁধ বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। স্বজনরা মরদেহটি বাদশা শেখের বলে শনাক্ত করেছেন।”
পুলিশ আরও জানায়, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য মরদেহটি ময়নাতদন্তের উদ্দেশ্যে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
ভোরের আকাশ/র.ই