চট্টগ্রামে এটিএমের ১৭ লাখ টাকা গায়েব, রংপুরে আটক নিরাপত্তাকর্মী

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি এটিএম বুথ থেকে প্রায় ১৭ লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়া নিরাপত্তাকর্মীকে রংপুর থেকে আটক করেছে পুলিশ।
এ সময় তার কাছ থেকে আত্মসাৎ করা টাকার মধ্যে ১৪ লাখ ৮৪ হাজার ৮২৮ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. আইয়ুব আলী (৫৬)। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে থাকা ইসলামী ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করতেন।
পুলিশ জানায়, গত ২৪ জুলাই বিকেলে নকল চাবি ব্যবহার করে বুথ থেকে টাকা বের করে নিয়ে পালিয়ে যান আইয়ুব আলী। বিষয়টি জানার পর ইসলামী ব্যাংকের চকবাজার শাখার কর্মকর্তা মোহাম্মদ মুঈনুল ইসলাম সীতাকুণ্ড মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তে প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়। পরে শনিবার বিকেলে রংপুরের কামারপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, উদ্ধার হওয়া টাকা ব্যাংক কর্তৃপক্ষের কাছে ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইয়ুব আলী টাকা আত্মসাতের পর কিছু অংশ খরচ করার কথা স্বীকার করেছেন।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/ র.ই