এনসিপি’র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দর্পণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটিতে রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন বিশিষ্ট মানবিক চিকিৎসক, উদ্যোক্তা ও সমাজসেবক ডা. মো. কামরুল ইসলাম দর্পণ। তিনি ইতিপূর্বে জাতীয় নাগরিক পার্টির নীলফামারী জেলার সদস্য সচিব হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছেন।
ডা. মোঃ কামরুল ইসলাম দর্পণ এলাকায় একজন মানবিক চিকিৎসক এবং সমাজসেবক হিসেবে অত্যন্ত সুপরিচিত। তিনি দীর্ঘদিন ধরে সাধারণ ও দুস্থ মানুষকে স্বল্পমূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। চিকিৎসা সেবার পাশাপাশি শিক্ষা স্বাস্থ্যখাতের উন্নয়নে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি নাগরিক হাসপাতাল ও ইনসাফ হাসপাতালের প্রতিষ্ঠাতা। এছাড়া তিনি নীলফামারী মডেল কলেজ ও কৃষি কলেজেরও প্রতিষ্ঠাতা। পাশাপাশি সংবাদ ও গণমাধ্যমের ক্ষেত্রে ভূমিকা রেখে তিনি অনলাইন সাপ্তাহিক 'নাগরিক চিন্তা'-র প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন।
দলীয় সূত্র জানায়, নীলফামারী জেলায় 'জুলাই যাত্রা' নামের জমকালো ও সফল কর্মসূচির আয়োজন করে তিনি জেলাজুড়ে ব্যাপক প্রশংসা ও সুনাম অর্জন করেন। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তার এই নিষ্ঠা ও দক্ষতার ধারাবাহিকতায় কেন্দ্রীয় কমিটি তাকে রংপুর বিভাগের বড় দায়িত্ব প্রদান করেছে। একইসাথে তিনি নীলফামারী জেলার ছয় উপজেলায় সফলভাবে কমিটি গঠনে সক্ষম হন।
ব্যক্তিগত জীবনে ডা. কামরুল ইসলাম দর্পণ অত্যন্ত বিনয়ী, মার্জিত ও সৎ মানুষ হিসেবে সর্বমহলে সুপরিচিত। নতুন দায়িত্ব পাওয়ার পর নীলফামারীসহ রংপুর বিভাগের তৃণমূল নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করেছেন এবং আশা ব্যক্ত করেন যে, তার দূরদর্শী নেতৃত্বে সাংগঠনিক কাজ আরও গতিশীল হবে।
নতুন দায়িত্ব পাওয়ার পর ভোরের আকাশকে বলেন, আমাদের পার্টির ৩১ সালে ক্ষমতায় যাওয়ার জন্য সাংগঠনিকভাবে প্রস্তুতি গ্রহন করছেন। আমার এই নতুন দায়িত্ব রংপুর বিভাগকে সাংগঠনিকভাবে শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করে পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় যেতে যেনো ভুমিকা রাখে সেই চেষ্টাই আমি করবো এবং রংপুরবাসীকে আহ্বান জানানো জুলাই সনদ বাস্তবায়ন ও সাম্য, মানবাধিকার মর্যাদার রাষ্ট্র গঠনে এনসিপির রাজনীতি গ্রহন করে আগামী নির্বাচনে দলকে ক্ষমতায় নিতে সহায়তা করবেন।
ভোরের আকাশ/ এনউব