নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চাঁদপুরে ১১ দলীয় জোটের স্মারকলিপি প্রদান

জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের ভৌতিক বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চাঁদপুরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য জোট। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম, এনসিপি আহ্বায়ক মাহবুবুল আলম, খেলাফত মজলিসের নেতা মাওলানা তারেকুল ইসলাম এবং এলডিপির নেতা সারোয়ার হোসেন প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, গণভোটের মাধ্যমে পাস হওয়া 'জুলাই সনদ' বাস্তবায়নে গড়িমসি চলছে। পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে এবং পরিবহনে চাঁদাবাজির কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।
দাবি সমূহ হলো- গণভোটে পাস হওয়া "জুলাই সনদ” অবিলম্বে বাস্তবায়নের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। রান্নায় ব্যবহৃত এলপিজি গ্যাস ও এলএনজি গ্যাসের মূল্য কমিয়ে সহনীয় মাত্রায় ধার্য্য করতে হবে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে বৈধ গ্যাস গ্রাহকদেরকে পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে। সাধারণ গ্রাহকদের জন্য বিদ্যুতের মূল্য কমিয়ে সহনীয় মাত্রার মূল্য নির্ধারণ করতে হবে। বিদ্যুৎ বিলের ডিমান্ড চার্জসহ অযৌক্তিক সকল চার্জ বাতিল করতে হবে। বিদ্যুতের লোডশেডিং বন্ধ করতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের প্রাথমিক পদক্ষেপ হিসেবে সকল প্রকার চাঁদাবাজি বন্ধ করতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারি অভিযান জোরদারসহ প্রশাসনের বাজার মনিটরিং করতে হবে।
ভোরের আকাশ/ইউএম