বন্যাদুর্গতদের ত্রাণের পাশাপাশি পুনর্বাসনে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি ত্রাণ সহায়তার পাশাপাশি তাদের পুনর্বাসনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম (অমিত)।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে কক্সবাজার সদর উপজেলার বন্যাকবলিত ঝিলংজা ইউনিয়নের পিএমখালী চান্দেরপাড়া এলাকা পরিদর্শন এবং দুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ভয়াবহ এই বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তাৎক্ষণিক ত্রাণ সহায়তার পাশাপাশি তাদের পুনর্বাসনের বিষয়েও সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে।
তিনি বলেন, “বিএনপি জনগণের ভোটে নির্বাচিত সরকার। তাই মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।”
তিনি আরও বলেন, বন্যাকবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হলেও এখন ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে পুনর্বাসন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করা হবে।
এ সময় কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান, কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/র.ই