পতিতার ঘরে ঢুকেই ঢেকুর তুলে বেহুঁশ ব্যবসায়ী, এরপর...

পটুয়াখালী শহরের একটি পতিতাপল্লী এলাকা থেকে রাসেল হাওলাদার (৪৫) নামে এক মুদি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় সদর রোডসংলগ্ন মনু মিয়ার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রাসেল হাওলাদার ওরফে কালা রাসেলের বাড়ি সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বাদুরা গ্রামে। তিনি রাজ্জাক হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেল ৪টার দিকে রাসেল ওই এলাকার নাজমা নামের এক নারীর কক্ষে প্রবেশ করেন। কিছু সময় পর তাকে কক্ষের ভেতরে অসুস্থ অবস্থায় দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
নাজমার ভাষ্য, রাসেল কিছুক্ষণ অবস্থানের পর অসুস্থ বোধ করার কথা জানান। তিনি পানি আনতে গেলে ফিরে এসে দেখেন, রাসেলের চোখ বন্ধ হয়ে যাচ্ছে এবং তিনি আর কথা বলতে পারছেন না।
স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, উত্তেজক ওষুধ সেবনের পর হৃদ্রোগজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভোরের আকাশ/এনএ