জামালপুর রশিদপুর উচ্চ বিদ্যালয়
বর্ণিল বর্ষবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

জামালপুর সদর উপজেলার রশিদপুর উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩। পহেলা বৈশাখকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানমালা, যেখানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক পরিবেশনা বিশেষ আকর্ষণ হয়ে ওঠে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস যেন প্রাণের মিলনমেলায় রূপ নেয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি অ্যাডভোকেট মো. জামিল হাসান (তাপস)-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পালন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবিকা মাসুমা আরমিন মিতু। দক্ষ সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিল্লুর রহমান। এ সময় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাবান্ধব ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলেন।
অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মানবিক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে সৃজনশীল ও সংস্কৃতিমনস্ক হয়ে ওঠার আহ্বান জানান।
আলোচনা শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। নবম শ্রেণির সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থী মো. মাসুম মিয়াকে বিশেষ সম্মাননা হিসেবে একটি বাইসাইকেল উপহার দেওয়া হয়। একইভাবে দশম শ্রেণির কৃতি শিক্ষার্থী সারিকা আক্তারকেও একটি বাইসাইকেল প্রদান করা হয়, যা অনুষ্ঠানে আলাদা আনন্দের মাত্রা যোগ করে।
ভোরের আকাশ/সু.পা