বন্দরে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ ৫

নারায়ণগঞ্জের বন্দরে গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে একই পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৬টার দিকে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের চাঁনপুর এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের পেছনে অবস্থিত একটি ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন আব্দুল মান্নান (৫০), তার স্ত্রী সুলতানা আক্তার (৩৫), ছেলে সিয়াম (১৯), মেয়ে মিম (১৩) এবং প্রতিবেশী পরিবারের শিশু হযরত আলী (৮)। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ জোন-২ এর উপ-সহকারী পরিচালক মোহাম্মদ ওসমান গনি জানান, পরিবারটি চলতি মাসের শুরুতে ওই বাসায় ভাড়া ওঠে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে রান্নাঘরে জমে ছিল। বৃহস্পতিবার সকালে রান্নার প্রস্তুতির সময় চুলায় আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুন দ্রুত ঘরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় পরিবারের চার সদস্য এবং পাশের পরিবারের এক শিশুসহ মোট পাঁচজন দগ্ধ হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
ঘটনার পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ নির্ণয়ে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ভোরের আকাশ/ র.ই