উখিয়ায় ৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বন বিভাগ

কক্সবাজারের উখিয়া উপজেলায় বনভূমি জবরদখলের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বন বিভাগ। এ সময় প্রায় ৪ একর সংরক্ষিত বনভূমি জবরদখলমুক্ত করা হয়।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে উখিয়া রেঞ্জের উখিয়া সদর বিটের মাছকারিয়ার বিল এবং দোছড়ি বিটের মোহাম্মদ আলিরঘোনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান। বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে অংশ নেন।
বন বিভাগ সূত্রে জানা যায়, স্থানীয় কিছু ভূমিদস্যু দীর্ঘদিন ধরে বনভূমি দখল করে বাণিজ্যিক উদ্দেশ্যে অবৈধভাবে বিভিন্ন স্থাপনা নির্মাণ করছিল। বিষয়টি জানতে পেরে বনবিভাগ অভিযান পরিচালনা করে ৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এবং প্রায় ৪ একর বনভূমি দখলমুক্ত করে।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, "সংরক্ষিত বনভূমি দখল করে কোনো ধরনের অবৈধ স্থাপনা নির্মাণের সুযোগ দেওয়া হবে না। বন রক্ষায় আমাদের অভিযান নিয়মিতভাবে চলবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানে অংশ নেওয়া এক বন কর্মকর্তা বলেন, "বনভূমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যারা বনভূমি দখলের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
স্থানীয় বাসিন্দা মো. আব্দুস সালাম বলেন, "বনভূমি দখল হওয়ায় পরিবেশের ক্ষতি হচ্ছিল। বন বিভাগের এই অভিযান অব্যাহত থাকলে বন সংরক্ষণ সহজ হবে এবং অবৈধ দখলদাররা নিরুৎসাহিত হবে।
বন বিভাগ জানিয়েছে, সংরক্ষিত বনভূমি রক্ষায় ভবিষ্যতেও নিয়মিত নজরদারি ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
ভোরের আকাশ/ইউএম