'জামায়াত নির্বাচন চায়নি, নির্বাচন বানচালের চেষ্টা করেছে'

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও নীলফামারী জেলার দায়িত্বপ্রাপ্ত এমপি রেহেনা আক্তার রানু বলেছেন, জামায়াত নির্বাচন চায়নি; বরং নির্বাচন বানচালের চেষ্টা করেছে।
নির্বাচনের আগে তারা মানুষকে বিভ্রান্ত করেছে এবং নানা ধরনের প্রতারণার আশ্রয় নিয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে নীলফামারী শহরের মশিউর রহমান ডিগ্রি কলেজে একাডেমিক ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং কলেজ মসজিদ নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেহেনা আক্তার রানু বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি ভূমিধস বিজয় অর্জন করলেও এ এলাকায় ধানের শীষের প্রার্থী বিজয়ী হতে পারেননি। এতে প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের ব্যক্তিগত ক্ষতি হয়নি; ক্ষতিগ্রস্ত হয়েছেন এলাকার মানুষ।
তিনি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে প্রত্যাখ্যান করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব)-এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিদিন দীর্ঘ সময় রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, সবার সহযোগিতা অব্যাহত থাকলে আগামী পাঁচ বছরে দেশের আর্থসামাজিক অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হবে।
তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি ও কার্ডভিত্তিক সুবিধা প্রান্তিক ও শ্রমজীবী মানুষের কথা বিবেচনায় নিয়েই চালু করা হচ্ছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক গোলাম মাজেদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নীলফামারীর নির্বাহী প্রকৌশলী হাজেরুল ইসলাম এবং তামান্না ইয়াসমিন।
কলেজের গভর্নিং বডির সভাপতি সোহায়েল পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম।
অধ্যক্ষ শহিদুল ইসলাম জানান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে কলেজের একাডেমিক ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণকাজ এবং জেলা পরিষদের অর্থায়নে তিন লাখ টাকা ব্যয়ে কলেজ মসজিদ নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
ভোরের আকাশ/রই