সিরাজদিখানে এসএসসির ফলাফলে শুলপুর উচ্চ বিদ্যালয় সেরা

এসএসসি পরীক্ষার ফলাফলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ২৭ টি মাধ্যমিক বিদ্যালয় মধ্যে ২৪৩৬ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।
এ বিদ্যালয় হতে মোট ৮৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তিনজন জিপিএ ৫ সহ ৮০জন কৃতকার্য হয় ও ৮৩.৫% পাশের হার।
উপজেলার ২৭ টি বিদ্যালয়ের মধ্যে সেরা ফলাফল অর্জন করে সবার নজর কেড়েছে শুলপুর উচ্চ বিদ্যালয়। ফলাফল প্রকাশের পর থেকেই বিদ্যালয়জুড়ে নেমে এসেছে আনন্দের বন্যা। শিক্ষার্থীদের উচ্ছ্বাস, শিক্ষক-অভিভাবকদের গর্ব আর শুভাকাঙ্ক্ষীদের অভিনন্দনে মুখরিত হয়ে উঠেছে বিদ্যালয় প্রাঙ্গণ।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ কাদির খান বলেন, 'শুধু একটি ভালো ফলাফল নয়—এই অর্জনের পেছনে রয়েছে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, বিশেষ করে আমাদের বিদ্যালয়ের প্রতিটা শিক্ষকদের আন্তরিকতা সহ কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের অকুণ্ঠ সহযোগিতা। দীর্ঘদিনের অধ্যবসায় আর স্বপ্নকে সঙ্গে নিয়ে পরীক্ষার হলে বসেছিল শিক্ষার্থীরা। ফলাফলে সেই স্বপ্নই যেন আজ বাস্তবতার রঙ পেয়েছে'।
স্কুল কর্তৃপক্ষের এডহক কমিটির সভাপতি মো. ওহাব শেখ বলেন, 'শুলপুর উচ্চ বিদ্যালয়ের এই সাফল্য প্রমাণ করেছে সঠিক দিকনির্দেশনা, নিষ্ঠা ও পরিশ্রম থাকলে প্রত্যন্ত অঞ্চলের একটি বিদ্যালয়ও সাফল্যের শীর্ষে উঠে আসতে পারে'।
অভিভাবকরা জানান শুলপুর উচ্চ বিদ্যালয় প্রথম হয়ে শুধু নিজের অবস্থানই উজ্জ্বল করেনি, গর্বিত করেছে পুরো শুলপুর ও কেয়াইনবাসীকে। শিক্ষার আলোয় আরও আলোকিত হোক শুলপুর—সাফল্যের এই পথচলা অব্যাহত থাকুক প্রজন্ম থেকে প্রজন্ম।
ভোরের আকাশ/রই