ফরিদপুরে নির্যাতিত নিপীড়িত সাধারণ মানুষের ব্যানারে মানববন্ধন

বিদেশে নেওয়ার কথা বলে নির্যাতন এবং পরিবারের কাছ থেকে ৬০ লাখ টাকা আদায়ের অভিযোগে জড়িতদের বিচারের দাবিতে ফরিদপুরে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।
বুধবার (১৪ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘নির্যাতিত ও নিপীড়িত সাধারণ মানুষ’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তাঁরা।
মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী মিজানুর রহমান, মৃত হাবিবুর রহমানের স্ত্রী তাসলিমা আক্তার, নয়ন তালুকদার ও আজিজুল ইসলামসহ অন্যরা।
বক্তারা অভিযোগ করেন, ফরিদপুরের সদরপুর উপজেলার ডাঙ্গী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মোহাম্মদ ব্যাপারীর ছেলে মুরাদ ব্যাপারীসহ একটি চক্র তাঁদের বিদেশে নিয়ে দিনের পর দিন শারীরিক নির্যাতন ও মারধর করেছে। এ সময় তাঁদের পরিবারের কাছ থেকে দফায় দফায় মোট ৬০ লাখ টাকা আদায় করা হয়েছে বলে দাবি করেন তাঁরা।
ভুক্তভোগীদের অভিযোগ, দেশে ফিরে টাকা ফেরত চাইলে অভিযুক্তরা তা দিতে অস্বীকৃতি জানান। উল্টো তাঁদের বিরুদ্ধে বিভিন্ন মামলা করা হয়েছে বলেও দাবি করেন তাঁরা।
মানববন্ধনে ভুক্তভোগী মিজানুর রহমান পাওনা টাকা ফেরত পাওয়ার আকুতি জানিয়ে আবেগাপ্লুত হতে দেখা যায়। বক্তারা বলেন, সরল বিশ্বাসে বিদেশে যাওয়ার জন্য তাঁরা টাকা দিয়েছিলেন। এখন সেই টাকা ফেরত পাওয়ার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
ভোরের আকাশ/সু.পা