বিশ্ব পরিবেশ দিবসে কুড়িগ্রামে র্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ

‘জলবায়ুর পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব) মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিমের সঞ্চালনায় বক্তব্য দেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুর রহমান, সাবেক অধ্যক্ষ অধ্যাপক মীর্জা মো. নাসির উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নূর বখ্ত, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক ফাহিদ হাসান এবং গ্রিন ভয়েসের চেয়ারম্যান রশিদ আলীসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; এ ক্ষেত্রে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তারা বৃক্ষরোপণ, নদী-খাল ও জীববৈচিত্র্য সংরক্ষণ, প্লাস্টিক দূষণ রোধ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ, সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিরা অংশ নেন।
ভোরের আকাশ/সু.পা