নারায়ণগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ নারী মাদক কারবারী আটক

নারায়ণগঞ্জের বন্দরে অভিযান চালিয়ে ২৯০০ পিস ইয়াবা, ৬ দশমিক ৫ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৪ লাখ ৩১ হাজার ৬৮০ টাকাসহ এক নারী মাদক কারবারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১১ (র্যাব-১১)।
র্যাব জানায়, বাংলাদেশ আমার অহংকার’ স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযানে অগ্রণী ভূমিকা রেখে আসছে র্যাব। এরই ধারাবাহিকতায় মাদক নির্মূলে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করছে র্যাব-১১।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল মঙ্গলবার (৪ মার্চ ২০২৬) রাত ৩টার দিকে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর ইউনিয়নের হেদায়েরপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে গ্রেফতার করা হয় মাফিয়া বেগম (৫৫) নামের এক পেশাদার নারী মাদক ব্যবসায়ীকে। তিনি হেদায়েরপাড়া এলাকার বাসিন্দা এবং তার স্বামীর নাম ইসলাম মিয়া।
অভিযানকালে তার বসতঘর তল্লাশি করে ২৯০০ পিস ইয়াবা, ৬.৫ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৪,৩১,৬৮০ টাকা উদ্ধার করা হয় বলে জানিয়েছে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, গ্রেফতারকৃত আসামি একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তিনি দেশের সীমান্তবর্তী এলাকা থেকে বড় আকারের মাদকের চালান সংগ্রহ করে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
র্যাব আরও জানায়, মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে র্যাব-১১ বদ্ধপরিকর। মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ভোরের আকাশ/আ.র