রায়গঞ্জে বাঁশের সাঁকোই ভরসা, ১০ গ্রামের মানুষের দুর্ভোগ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার করতোয়া নদীর উপর একটি ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই এখন ৮-১০টি গ্রামের মানুষের একমাত্র ভরসা।
চান্দাইকোনা ইউনিয়নের সড়াইদহসহ আশপাশের গ্রামের বাসিন্দারা নিজেরাই এটি নির্মাণ করেছেন।
প্রতিদিন কৃষক, শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই সাঁকো পারাপার করছেন। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। অবাক করার বিষয়, সাঁকোটির পাশেই রয়েছে ঢাকা-বগুড়া মহাসড়ক, তবুও স্বাধীনতার ৫৪ বছরেও এখানে স্থায়ী সেতু নির্মাণ হয়নি।
স্থানীয়রা জানান, প্রতিবারই সেতুর আশ্বাস মিললেও বাস্তবে কোনো অগ্রগতি নেই। দ্রুত একটি পাকা ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে উপজেলা এলজিইডি কর্তৃপক্ষ জানিয়েছে, সেতু নির্মাণের প্রয়োজনীয়তা যাচাই করে প্রস্তাব পাঠানোর প্রক্রিয়া চলছে।
ভোরের আকাশ/ র.ই