চুয়াডাঙ্গায় বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়ায় জমিজমা বিরোধের জেরে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলোকদিয়া-ভালাইরপুরের চুলকানিপাড়ায় তুফানের চাতালের অদূরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আলোকদিয়া গ্রামের বাজারপাড়ার বাসিন্দা তৈয়ব আলী (৪৫) ও তার ছেলে মিরাজ (১৬)। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রাজু ও বাবুকে আটক করে থানা হেফাজতে নিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তৈয়বের সঙ্গে তাদের আপন ভাতিজা একই এলাকার দুখমিয়ার ছেলে বাবুর (৪৩) জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধ মেটানোর জন্য স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও কোনো সমাধান হয়নি।
আজ বেলা ১২ টার দিকে মিরাজ এবং তার বাবা আলোকদিয়া নতুনপাড়া পোলের মাঠের চাতালে পাট শুকাচ্ছিলেন। তখন বাবু এবং রাজু তাদের ওপর অতর্কিত হামলা চালান। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মিরাজ নিহত হন এবং তার বাবা তৈয়ব মারাত্মকভাবে জখম হন।
আহত তৈয়বকে আশঙ্কাজনক অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত মিরাজের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, পারিবারিক দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বাবু ও রাজুকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে। বর্তমানে এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।
ভোরের আকাশ/তা.কা