ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের বাড়ি জামালপুর সদরে

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের বাড়ি জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নে ও শরিফপুর ইউনিয়নে।
শুক্রবার ( ২ অক্টোবর ) ময়মনসিংহে বাস চাপায় সিএনজি চালিত অটোরিকশার ৭ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের বাড়ি জামালপুর সদর উপজেলার রানাগাছা ও শরিফপুর ইউনিয়নে। আর একই পরিবারের শিশু ও অন্তঃসত্ত্বা নারীসহ রয়েছে ৪ জন। নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম।
নিহতরা হলেন- সদর উপজেলার দড়ি হামিদপুর ভাটিপাড়া গ্রামের মোফাজ্জল হোসেন লেবু, তার মা রাশিদা বেগম, মেয়ে মর্জিনা, মর্জিনার ছেলে শিশু সন্তান মিনান এবং বীর গোবিন্দবাড়ী গ্রামের সুজন আলী। শরীফপুর ইউনিয়নের বাদেচান্দি গ্রামের আক্রাম আলী এবং তার স্ত্রী মমতা বেগম।
নিহতের স্বজনেরা জানান, পেশায় রাজ মিস্ত্রী মোফাজ্জল হোসেন লেবু স্ত্রী ও এক ছেলেসহ দীর্ঘ দিন যাবত গাজীপুর জেলার হুতাপাড়া এলাকায় বসবাস করে আসছিলেন। মা ও বিবাহিত মেয়েকে গাজীপুরের বাসায় নিয়ে যাবার উদ্দেশ্যে বৃহস্পতিবার ( ১ অক্টোবর ) বাড়িতে আসেন লেবু। শুক্রবার (২ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে মা রাশিদা বেগম, মেয়ে গর্ভবতী মর্জিনা ও মর্জিনার ছেলে শিশু সন্তান মিনালকে নিয়ে বাড়ি থেকে বের হন। নান্দিনা থেকে সিএনজি যোগে প্রথমে ময়মনসিংহ যান। সেখান থেকে বাস যোগে গাজীপুর যাবার কথা ছিলো তাদের। কিন্তু পথিমধ্যে দুর্ঘটনায় মারা যান তারা।
একই পরিবারের ৪ সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকাহত সকলে। এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি তাদের।
ভোরের আকাশ/ইউএম