পুনঃগণনা দাবি
পীরগঞ্জে চল্লিশ কেন্দ্রে ফলাফল জালিয়াতির অভিযোগ বিএনপি প্রার্থীর

সদ্য শেষ হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপর-৬ পীরগঞ্জ আসনের ৪০টি ভোট কেন্দ্রের ফলাফল জালিয়াতির অভিযোগ তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম।
ফলাফল জালিয়াতির অভিযোগ তুলে সহকারি রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ভোট পুনঃগণনাসহ ফলাফল স্থগিতের জন্য লিখিত আবেদন করেছেন তিনি। শুক্রবার রাতে পীরগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে ভোট প্রদানের সময় অনিয়ম করে ভোটারদের জন্য ব্যলটে নির্ধারিত সিল না দিয়ে কৌশলে গোল ছিল দেয়া হয়।
ওই গোল সিল দিয়ে প্রার্থীদের নির্ধারিত প্রতিকে ভোট প্রদান করে ভোটারেরা। পরে ফলাফল ঘোষনার সময় গোল সিল দিয়ে প্রদানকৃত ব্যলটের ভোট গুলোকে বাতিল করে দেয় সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তারা।
এভাবে বিভিন্ন অনিয়মের আশ্রয় নিয়ে কৌশলে ধানের শীষ মার্কার প্রার্থীকে হারিয়ে দেয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। গোল সিল সাধারনত ভোট গ্রহনকারী কর্মকর্তারা ব্যবহার করে থাকেন বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আমি নিরপেক্ষ তদন্তের দাবি করছি। ইতোমধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দাখিল করেছি।
এ সময় তিনি আরো বলেন, প্রায় ৪০টি ভোট কেন্দ্রে ফলাফল প্রদান না করে প্রশাসনের সহযোগিতায় ভোট কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীরা সবকিছু গুটিয়ে নিয়ে চলে আসেন।
এর আগে হাজার হাজার সমর্থক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও করে ফলাফল বাতিলসহ পুন:গণনার দাবিতে বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ করেন।
ভোরের আকাশ/নি. ব