রাজিবপুরে ইউনিয়ন ভূমি অফিসের স্থান নির্ধারণ নিয়ে রাস্তা অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নে ভূমি অফিস স্থাপনের স্থান নির্ধারণকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ইউনিয়ন পরিষদের পাশে ভূমি অফিস স্থাপনের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার(২৩ এপ্রিল) বিকেলে রাজিবপুর ইউনিয়নের শাহগঞ্জ বাজার এলাকায় শতশত মানুষ প্ল্যাকার্ড ও ব্যানার হাতে জড়ো হয়ে তাদের দাবি তুলে ধরেন। এসময় তারা বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ইউনিয়ন পরিষদের পাশে ভূমি অফিস স্থাপনের জোর দাবি জানান।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচি শেষে এলাকাবাসী প্রধান সড়ক অবরোধ করলে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় তীব্র যানজট।
বক্তারা বলেন, সাধারণত ইউনিয়ন ভূমি অফিস ইউনিয়ন পরিষদের পাশে বা কেন্দ্রীয় স্থানে স্থাপন করা হয়, যাতে সব শ্রেণির মানুষ সহজে সেবা নিতে পারেন। কিন্তু রাজিবপুর ইউনিয়নের ভূমি অফিস একটি নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দিতে প্রত্যন্ত লাটিয়ামারি বাজারে স্থাপনের পরিকল্পনা করা হচ্ছে, যা সম্পূর্ণ অযৌক্তিক ও অপরিকল্পিত।
রাজিবপুর ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কালাম বলেন, “আমরা দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত। এখন যদি ভূমি অফিস প্রত্যন্ত এলাকায় স্থাপন করা হয়, তাহলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে। লাটিয়ামারি বাজার ইউনিয়নের এক প্রান্তে অবস্থিত, সেখানে ভূমি অফিস স্থাপন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
এলাকাবাসী দ্রুত এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে ইউনিয়ন পরিষদের পাশেই ভূমি অফিস স্থাপনের দাবি জানান।
ভোরের আকাশ/এনউব