চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযানে ২৪ জেলের কারাদণ্ড

চাঁদপুরের হাইমচরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ বাস্তবায়নে মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়ে ২৮ জেলেকে আটক করেছে টাস্কফোর্স। অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে আটককৃতদের মধ্যে ২৪ জনকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি চারজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে স্বজনদের জিম্মায় মুক্তি দেওয়া হয়।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে হাইমচর উপজেলা প্রশাসন, সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, নীলকমল নৌ পুলিশ ফাঁড়ি ও স্থানীয় কোস্টগার্ড যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম।
অভিযান সূত্রে জানা যায়, মা ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবিস্তার সুনিশ্চিত করতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে একদল জেলে নদীতে মাছ ধরছিল। খবর পেয়ে টাস্কফোর্স নদীজুড়ে ঝটিকা অভিযান চালিয়ে ২৮ জন জেলেকে হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ জেলেকে কারাদণ্ড দেওয়া হয় এবং অপ্রাপ্তবয়স্ক ৪ জনকে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়।
অভিযান চলাকালে জব্দ করা হয় প্রায় ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৬টি মাছ ধরার নৌকা। বিধি অনুযায়ী জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং উদ্ধার হওয়া ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ জানায়, মা ইলিশের প্রজনন সুরক্ষায় মেঘনা নদীতে এ কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। সরকার নির্ধারিত সময়ে ইলিশ আহরণ, পরিবহন ও বিপণন থেকে বিরত থাকতে জেলে ও মৎস্যজীবীদের প্রতি পুনর্বার আহ্বান জানানো হয়েছে
ভোরের আকাশ/ইউএম