চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় নারীর যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় লুসিয়ারা বেগম (৪১) নামের এক নারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি, ২০২৬) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. হায়দার আলী খোন্দকার আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত লুসিয়ারা বেগম জেলা সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সরজন মহিপুর গ্রামের বেলাল হোসেনের মেয়ে।
মামলার বিবরণ ও অভিযান রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. আবদুল ওদুদ জানান, ২০২৩ সালের ১ অক্টোবর দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল সরজন মহিপুর গ্রামে মাদকবিরোধী অভিযান চালায়। অভিযান চলাকালীন লুসিয়ারার বাড়ির সামনে র্যাবের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করেন। এসময় র্যাব সদস্যরা তাকে হাতেনাতে আটক করে এবং তল্লাশি চালিয়ে তার হেফাজতে থাকা ২০৫ গ্রাম হেরোইন জব্দ করে।
আইনি প্রক্রিয়া ঘটনার দিনই র্যাবের এসআই মো. জাহেদুল ইসলাম বাদী হয়ে সদর থানায় লুসিয়ারা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফুজ্জামান তদন্ত শেষে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর লুসিয়ারাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত।
ভোরের আকাশ/র.ই