বগুড়ায় শিশুকে যৌন হয়রানি ও ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

বগুড়া শহরের বেলতলায় ৮ বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানি ও ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুল আলিম (৪২) নামে এক মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা৷
বৃহস্পতিবার বিকালে বিক্ষুব্ধ জনতা অভিযুক্তকে গণপিটুনি দিয়ে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে স্থানীয়দের ক্ষোভের মুখে অতিরিক্ত পুলিশের সহযোগিতায় অভিযুক্তকে থানায় হেফাজতে নেওয়া হয়। পুলিশ বলছে, ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগ সাপেক্ষে নেওয়া হবে আইনী ব্যবস্থা।
আব্দুল আলীম শহরের মালগ্রাম এলাকার বেলতলা জামে মসজিদের ইমাম ও জামিয়া ইসলামিয়া আল আকাবা মাদ্রাসার শিক্ষক। স্থানীয়রা জানায়, অভিযুক্ত আব্দুল আলীম যে মাদ্রাসায় শিক্ষকতা করেন সেই মাদ্রাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী শিশুটি। বৃহস্পতিবার সকালে মাদ্রাসা ছুটি হলে পরিবারের কেউ শিশুটিকে নিতে যায়নি। পরে মাদ্রাসার শিক্ষক আব্দুল আলিম শিশুটিকে বাড়িতে পৌঁছে দেয়ার কথা বলে নিজের সঙ্গে নিয়ে যায়। পথে শিশুটিকে একটি গলির মধ্যে নিয়ে শারীরিকভাবে লাঞ্চনা করে ওই মাদ্রাসা শিক্ষক। পরে, আলীম শিশুটিকে তার বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে এবং ভয়ভীতি দেখায়। পরে শিশুটি পরিবারের কাছে ঘটনা বর্ণনা দিলে জানতে পেরে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে উঠেন। এ সময় আলীমের বাড়ির জানালাও ভাংচুর করা হয়। অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে আলিমকে আটক করে হেফাজতে নেওয়ার চেষ্টা করলে স্থানীয়রা গণপিটুনিয়ে দিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্যও মারধরের শিকার হোন৷
বগুড়া সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, উত্তেজিত জনতার মাঝ থেকে অভিযুক্তকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় পুলিশ।
ভোরের আকাশ/এনএস