খুবিতে সিরাত অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সিরাত অলিম্পিয়াড-২০২৬-এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর শনিবার ২০ সেপ্টেম্বর রাত ৯টায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
এ সময় উপাচার্য বলেন, ব্যক্তিজীবনকে পরিশুদ্ধ করতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী অনুসরণ করতে হবে। রাসুল (সা.)-এর জীবনাদর্শের আলোকে নিজেদের জীবন সাজাতে হবে। তাঁর জীবনী ধর্মীয় শিক্ষার পাশাপাশি মানবিকতা, ন্যায়, সততা, সহনশীলতা ও পরোপকারের অনন্য শিক্ষা। মানুষের সঙ্গে উত্তম আচরণ, অন্যের অধিকার রক্ষা এবং সত্য ও ন্যায়ের পথে চলার ক্ষেত্রে রাসুল (সা.) আমাদের জন্য সর্বোত্তম আদর্শ।
তিনি বলেন, সিরাতুন্নবী পাঠের মাধ্যমে মহানবী (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শ সম্পর্কে জানতে হবে এবং সেই শিক্ষা নিজেদের বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্ম যদি তাঁর আদর্শ ধারণ করে, তাহলে তাদের ব্যক্তিজীবনে নৈতিকতা ও মূল্যবোধ আরও দৃঢ় হবে। একই সঙ্গে পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে শান্তি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ ইমদাদুল হক ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আব্দুল কুদ্দুস।
প্রতিযোগিতায় হামদ, নাত, গজল ও সিরাত কুইজ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এর আগে সিরাত অলিম্পিয়াড উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আলোচনা করেন খাদেমুল ইসলাম মাদ্রাসা, খুলনার শিক্ষক ও খতিব মুফতি সাঈদ হোসেন এবং অনলাইন অ্যাক্টিভিস্ট আহমেদ রফিক।
অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।