গাইবান্ধায় সীসা তৈরি কারখানাকে জরিমানা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুরাতন ব্যাটারি গলিয়ে সীসা উৎপাদন তৈরির অবৈধ থ্রি স্টার কারখানায় অভিযান চালিয়ে দুই লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নে অভিযানটি পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর গাইবান্ধার সহকারী পরিচালক উত্তম কুমার।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কোনো ধরনের পরিবেশগত অনুমোদন ছাড়াই কারখানাগুলোতে পুরাতন ব্যাটারি ভেঙে ভেতরের সীসা আলাদা করে আগুনে গলিয়ে পুনর্ব্যবহারযোগ্য সীসা তৈরি করা হচ্ছে। এ প্রক্রিয়ায় নির্গত বিষাক্ত ধোঁয়া আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত করছে এবং কৃষিজমি, গাছপালা ও স্থানীয় মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলছে।
এ ঘটনায় কারখানা থেকে সাত শ্রমিককে আটক করা হলেও পরে শ্রমিকদেরকে কোনো অপরাধ না থাকায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান বলেন, পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ছাড়পত্র না থাকায় কারখানাটি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সেই সাথে কারখানার মালিক বেলাল হোসেনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ভোরের আকাশ/ র.ই