চকরিয়ায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

মেয়ের বাড়িতে যাওয়ার পথে রেললাইন ঘেঁষে হাঁটছিলেন রশিদ আহমদ (৭৫)।
শ্রবণপ্রতিবন্ধী হওয়ায় পেছন থেকে ছুটে আসা ট্রেনের হুইসেল শুনতে পাননি তিনি। মুহূর্তেই ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান এই বৃদ্ধ।
২ নভেম্বর (সোমবার) সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার পহরচাঁদা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোহছেনিয়াকাটা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রশিদ আহমদ পহরচাঁদা দক্ষিণ পাড়ার মৃত সুলতান আহমদের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে মেয়ের বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন রশিদ আহমদ। একপর্যায়ে তিনি রেললাইন ঘেঁষে হাঁটছিলেন। এ সময় পেছন থেকে মহানগর এক্সপ্রেস ট্রেনটি আসছিল। শ্রবণপ্রতিবন্ধী হওয়ায় ট্রেনের হুইসেল শুনতে না পাওয়ায় তিনি সরে যেতে পারেননি। ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
বরইতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা জালাল আহমদ সিকদার বলেন, রশিদ আহমদ শ্রবণপ্রতিবন্ধী ছিলেন। সকালে মেয়ের বাড়িতে যাওয়ার সময় তিনি রেললাইন ঘেঁষে হাঁটছিলেন। পেছন থেকে ট্রেন আসার শব্দ শুনতে না পাওয়ায় দুর্ঘটনাটি ঘটে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/রই