কুড়িগ্রামে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৩ চালককে জরিমানা

কুড়িগ্রামে শব্দদূষণ নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে অনুমোদিত মাত্রার বেশি শব্দ উৎপন্নকারী হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে তিনটি যানবাহনের চালককে মোট ২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। একই সঙ্গে পাঁচটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
রোববার (৩০ আগস্ট) বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার ত্রিমোহনী বাজারসংলগ্ন রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২৫-এর ৬(২) ধারা লঙ্ঘন করে যানবাহনে অনুমোদিত শব্দমাত্রার বেশি হাইড্রোলিক হর্ন ব্যবহার করা হচ্ছিল। এ অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ১৫(২) ধারায় তিনটি পৃথক মামলা করা হয়। মামলাগুলোতে তিন চালককে মোট ২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া অভিযানে পাঁচটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে। অভিযানে বিচারিক দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী রীমা আক্তার। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম। অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/সু.পা