সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীব হত্যা, প্রধান দুই আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঞ্চল্যকর পরিবহন শ্রমিক মো. সজীব হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গ্রেপ্তাররা হলেন—মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি মাইকেল (৪৫) ও তার ছেলে ২ নম্বর আসামি মো. আপন (২২)। তারা সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা এলাকার বাসিন্দা।
রোববার (৩০ আগস্ট) র্যাব-১১-এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন র্যাব-১১-এর ক্যাপ্টেন মো. রওনক এরফান খান।
র্যাব জানায়, গত ২৫ আগস্ট আনুমানিক রাত ১২টা ৩০ মিনিটের দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল ধনকুন্ডা ক্যানেলপাড় এলাকায় স্থানীয় একটি চায়ের দোকানে অবস্থান করছিলেন পরিবহন শ্রমিক সজীব। এ সময় পূর্বশত্রুতা ও মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে মাইকেল, তার ছেলে আপনসহ ১০ থেকে ১২ জনের একটি দল দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা সজীবকে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে র্যাব-১১।
র্যাব-১১-এর ক্যাপ্টেন মো. রওনক এরফান খান জানান, র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সজীব হত্যার ঘটনায় গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব-১১ ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের যৌথ দল অভিযান চালিয়ে মাইকেল ও তার ছেলে আপনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
র্যাবের তথ্য অনুযায়ী, ৩০ আগস্ট ভোর আনুমানিক ৩টার দিকে ফতুল্লা থানাধীন নন্দলালপুর উত্তর মহল্লা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/ এনউব