নিষিদ্ধ আওয়ামী লীগ জনগণ ও আইনের সিদ্ধান্তে নিষিদ্ধ হয়েছে: শেখ রবিউল আলম

সড়ক পরিবহন, সেতু, নৌপরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম এমপি বলেছেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ জনগণের সমর্থন হারিয়ে আইনগতভাবে নিষিদ্ধ হয়েছে। জনগণ ও আইনের সমন্বিত সিদ্ধান্তের ফলেই দলটি নিষিদ্ধ হয়েছে। একটি নিষিদ্ধ সংগঠনের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতার বিষয় বলেও তিনি মন্তব্য করেন।
মঙ্গলবার (২৩ জুন) সকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চর গলগলিয়া মৌজায় পদ্মা রেল লিংক প্রকল্পের আওতাধীন এলাকায় আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন অব্যবহৃত জমি চিহ্নিত করে সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বড় আকারের জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন, উন্নয়ন উপযোগী স্থানে অবকাঠামো নির্মাণ এবং পরিবেশ উন্নয়নে উপযোগী স্থানে বৃক্ষরোপণ করা হবে। তিনি বলেন, জমির সঠিক ব্যবহার নিশ্চিত করেই বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন, সেতু, নৌপরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি। এছাড়া উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ আব্দুল্লাহ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমসহ বিভিন্ন সরকারি, সামরিক ও বেসামরিক দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
অনুষ্ঠান শেষে অতিথিরা পদ্মা রেল লিংক প্রকল্প এলাকার নির্ধারিত স্থানে বৃক্ষরোপণ করেন এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।
ভোরের আকাশ/এনউব