বাবাকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি নোবেল গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছেলে হত্যা মামলার বাদী বৃদ্ধ ফজলুল হক (৬৫)-কে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. নোবেল (৩০)-কে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
সোমবার (৩ আগস্ট) র্যাব-১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
র্যাব জানায়, গত ১৭ জুলাই রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ি ক্যানেলপাড় এলাকায় ফজলুল হকের ওপর হামলা চালায় নোবেল ও তার সহযোগীরা। এ সময় তাকে বেধড়ক মারধর করা হয়।
গুরুতর আহত অবস্থায় ফজলুল হককে প্রথমে খানপুর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে চিকিৎসাধীন থাকা অবস্থায় ১৯ জুলাই সকালে তিনি মারা যান।
নিহত ফজলুল হক সিদ্ধিরগঞ্জের চৌধুরী বাড়ি ক্যানেলপাড় এলাকার বাসিন্দা ও হাবিবুর রহমানের ছেলে। এ ঘটনায় তার মেয়ে বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব আরও জানায়, প্রায় এক বছর আগে ফজলুল হকের ছেলে ফারুক হত্যার শিকার হন। ওই হত্যা মামলার বাদী ছিলেন ফজলুল হক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বের ওই মামলার জের ধরেই তাকে হত্যা করা হয়েছে।
মামলার আসামিদের গ্রেপ্তারে র্যাব-১১ গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় ২ আগস্ট রাত আনুমানিক ১০টার দিকে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. নোবেলকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার নোবেলকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/জেআ