নারায়ণগঞ্জের পাঁচ আসনের চারটিতে বিএনপি, একটিতে এনসিপি বিজয়ী

বেসরকারি ফলাফল অনুযায়ী নারায়ণগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে চারটিতে জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা। অপরদিকে একটি আসনে বিএনপি জোট সমর্থিত প্রার্থীকে পেছনে ফেলে জয়ী হয়েছেন ইসলামী ও সমমনা দল সমর্থিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী।
রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসক রায়হান কবির বেসরকারি ফলাফল নিশ্চিত করে জানান, পাঁচটি আসনে গড়ে ৫৫ শতাংশের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
প্রাপ্ত ফলাফলে দেখা যায়, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৪২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার হোসেন মোল্লা পেয়েছেন ৯০ হাজার ২৮৯ ভোট।
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদ ১ লাখ ২৪ হাজার ২৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইলিয়াস মোল্লা পেয়েছেন ৮১ হাজার ৫৪ ভোট।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ১ লাখ ৫৪ হাজার ১০৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. ইকবাল হোসাইন ভূঁইয়া পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ২৩ ভোট।
সবচেয়ে আলোচিত ফল আসে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সদরের আংশিক) আসনে। এখানে এনসিপির প্রার্থী আব্দুল্লাহ আল আমিন ১ লাখ ৬ হাজার ১৭১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়তে উলামায়ে বাংলাদেশ মনোনীত মনির হোসাইন কাসেমী পেয়েছেন ৮০ হাজার ৬১৯ ভোট।
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী আবুল কালাম ১ লাখ ১৪ হাজার ৭৯৯ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিস–এর এ বি এম সিরাজুল ইসলাম মামুন পেয়েছেন ১ লাখ ১ হাজার ১৯৬ ভোট।
সার্বিকভাবে জেলার পাঁচটি আসনের মধ্যে চারটিতে বিএনপির জয় দলটির সাংগঠনিক শক্তির প্রতিফলন হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। তবে একটি আসনে এনসিপির জয় নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ভোরের আকাশ/ র.ই