ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নিহত ৪

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী একটি লোকাল বাস খাদে পড়ে নারী ও শিশুসহ ৪ জন নিহত হয়েছেন।
এ ঘটনায় আরও অন্তত ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার (৮ জুন) দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বইশামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান ভোরের আকাশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে ২ জন পুরুষ, ১ জন নারী ও ১ জন শিশু রয়েছেন। সোমবার বিকাল ৩টার দিকে মুঠোফোনে এই প্রতিবেদকের কাছে খাঁটিহাতা হাইওয়ে থানার সেকেন্ড অফিসার এস আই আঃ বাতেন নিহত চারজনের নাম, পরিচয় প্রকাশ করেন।
নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার আরশ আলী মুন্সি (৭০), বৃদ্ধের নাতি (মেয়ের শিশু সন্তান) আলিফ হাসান (৮), নবীনগর উপজেলার ইব্রাহীমপুর এলাকার তনয় মজুমদার (২৩), হবিগঞ্জের জেলার মাধবপুর (স্বামীর বাড়ি) উপজেলার মৌসুমী দাস (৩০)।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লোকাল যাত্রীবাহী দিগন্ত বাসটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বৈশামোড়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে মুহূর্তেই বাসটি সড়ক থেকে ছিটকে পাশের গভীর খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৪জন যাত্রী নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন।
খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।
ওসি আবু তাহের দেওয়ান বলেন, 'বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ায় এই হতাহতের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে গুরুতর আহত ৮-১০ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।'
দুর্ঘটনার শিকার ব্রাহ্মণবাড়িয়ার 'দিগন্ত' লোকাল বাসটিতে ধারণা করা হচ্ছে ৩০/৪০ জন যাত্রী থাকতে পারে।
ভোরের আকাশ/ র.ই