মাধবপুরে দুই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পৃথক ঘটনায় একই দিনে দুই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার বাঘাসুরা ও বহরা ইউনিয়ন থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে একজনের এদিনই বিয়ে হওয়ার কথা ছিল।
নিহতরা হলেন উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামের খেলু মিয়ার মেয়ে স্বর্ণা (২০) এবং বহরা ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সুমাইয়া জান্নাত তন্নী (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আউলিয়াবাদ গ্রামে নিজ ঘরের সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় সুমাইয়া জান্নাত তন্নীর মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। এদিনই তন্নীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা ছিল। অপরদিকে, একই দিন দুপুর ১২টার দিকে হরিতলা গ্রামে নিজ ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় স্বর্ণাকে দেখতে পায় তার পরিবার।
খবর পেয়ে মাধবপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই তরুণীর মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, মরদেহ দুটি উদ্ধারের পর নিহতদের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের আবেদন করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ভোরের আকাশ/ এনউব