চাঁপাইনবাবগঞ্জে পূজার নিরাপত্তায় সার্বক্ষণিক টহল ও সাইবার নজরদারি

শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপন ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জে তৎপরতা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। জেলার ১৬৪টি পূজামণ্ডপের নিরাপত্তায় সার্বক্ষণিক টহল, গোয়েন্দা নজরদারি ও সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার মনিটরিং চালানো হচ্ছে বলে জানিয়েছে বাহিনীটি।
রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবতলার চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুররানী মন্দিরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসআরবি-৫-এর কোম্পানি কমান্ডার মো. তরিকুল ইসলাম। এ সময় তিনি জেলার বিভিন্ন পূজামণ্ডপের প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনের বিষয়েও কথা বলেন।
প্রেস ব্রিফিংয়ে মো. তরিকুল ইসলাম বলেন, জেলায় মোট ১৬৪টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। বর্তমানে নাশকতার বিষয়ে কোনো গোয়েন্দা তথ্য না থাকলেও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি-৫-এর ৩৪ সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া দুটি সার্বক্ষণিক টহল দল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, গুজব ও অপপ্রচার প্রতিরোধে এসআরবির সদর দপ্তর, রাজশাহী এবং স্থানীয় সিকিউরিটি সেলের মাধ্যমে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সার্বক্ষণিক সাইবার মনিটরিং করা হচ্ছে। উসকানিমূলক পোস্ট, গুজব কিংবা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়া ঠেকাতে বাহিনীটি সতর্ক রয়েছে।
পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা সচল রাখা, রাতে বিদ্যুৎ চলে গেলে বিকল্প আলোর ব্যবস্থা প্রস্তুত রাখা এবং প্রতিমা বিসর্জনের সময় বিশেষ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা পরিস্থিতি চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
ভোরের আকাশ/সু.পা