কাউখালীতে ২৪ ঘণ্টার মধ্যে ঔষধ ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দিল প্রশাসন

পিরোজপুরের কাউখালীতে ঔষধ ব্যবসায়ী সংগঠন একত্রিত হয়ে এমআরপি ছাড়া ঔষধ বিক্রি না করার সিদ্ধান্ত নেয়। এতে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রতিবাদ জানায়।
কারণ, এর আগে ক্রেতারা ঔষধ ব্যবসায়ীদের কাছ থেকে ৮ থেকে ১০ শতাংশ কমিশনে ঔষধ কিনতে পারতেন। এছাড়াও নিম্নমানের বিভিন্ন ঔষধ কোম্পানির পণ্য অর্ধেক দামেও বিক্রি করলে যথেষ্ট লাভ থেকে যায় বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ঔষধ ব্যবসায়ী জানান।
কিন্তু সম্প্রতি কিছু ব্যবসায়ী সবাইকে নিয়ে একটি সিন্ডিকেট গঠন করে এবং চিঠি প্রদান করে জানায়, ঔষধের গায়ে লেখা মূল্যের নিচে কোন ঔষধ বিক্রি করা যাবে না।
বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা তার কার্যালয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মানসহ সকল ঔষধ ব্যবসায়ীদের নিয়ে এক জরুরি সভা করেন।
সভায় সিদ্ধান্ত হয় যে, ব্যবসায়ীরা স্বাধীনভাবে ঔষধ বিক্রি করবেন এবং এতে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা বলেন, “ব্যবসায়ীরা স্বাধীনভাবে ব্যবসা করবেন। কোনো পক্ষ যদি চাপ সৃষ্টি করে তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ভোরের আকাশ/তা.কা