বিদ্যালয়ের সম্পত্তি রক্ষায় ব্যবস্থা ও দাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্তির দাবি

বুজরুগ বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্পত্তি রক্ষা এবং বিদ্যালয়ের দাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মো. আ. মান্নান প্রাং। শনিবার বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, বুজরুগ বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পাঁচটি দলিলের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে। এর মধ্যে একটি কবলা দলিলের মাধ্যমে বিদ্যালয় ১১ শতক জমির মালিকানা লাভ করে। এছাড়া দুটি দানপত্র দলিলের ৫ ও ৭ শতকসহ মোট ১২ শতক জমির ওপর বর্তমানে বিদ্যালয়ের ভবন রয়েছে। তবে ওই জমির মূল দাতারা মৃত্যুবরণ করার পর তাদের উত্তরাধিকারীরা তাকে বিদ্যালয়ের দাতা সদস্য হিসেবে মনোনয়নের জন্য সম্মতি প্রদান করেন।
তিনি দাবি করেন, উত্তরাধিকারীদের লিখিত সমর্থন ও এফিডেভিটসহ প্রয়োজনীয় কাগজপত্র বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার পর একাধিক সভায় এলাকাবাসী ও সংশ্লিষ্টদের উপস্থিতিতে তাকে দাতা সদস্য করার সিদ্ধান্ত হলেও তা এখনো বাস্তবায়ন করা হয়নি।
লিখিত বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন, বিদ্যালয়ের সীমানার একটি বড় মেহগনি গাছ বিক্রি করা হয়েছে এবং বিদ্যালয়ের জমিতে দুটি দোকানঘর নির্মাণের চেষ্টা চলছে। এসব বিষয়ে প্রতিবাদ জানানো হলেও বিদ্যালয় কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। বিদ্যালয়ের সম্পত্তি রক্ষা ও বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করায় তাকে দাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে গড়িমসি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি বিদ্যালয়ের সম্পত্তি যাতে কোনো বিশেষ মহল ভোগদখল করতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে তাকে বিদ্যালয়ের দাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
ভোরের আকাশ/ইউএম