সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ১৫ লক্ষ টাকার চোরাচালানি পণ্য জব্দ

সিলেট সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় টমেটো, কম্বল, মাল্টা, আপেল, কমলা, জিরা, কসমেটিকস, চকলেট ও আলুসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ১৫ লাখ ৫০ হাজার টাকা।
রোববার (১৮ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধীন প্রতাপপুর, ডিবিরহাওর, বিছনাকান্দি, সংগ্রাম ও পান্থুমাই বিওপির সদস্যরা পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে ভারতীয় বিভিন্ন পণ্যসহ বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা হয়। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে টমেটো, কম্বল, মাল্টা, আপেল, কমলা, জিরা, কসমেটিকস, চকলেট ও আলু।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা হয়েছে। আটক করা এসব মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজিবি জানায়, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/ইউএম