ঘিওরে নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন এমপি জিন্নাহ কবীর

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় কুস্তা কবরস্থান ও ঘিওর পূর্বপাড়া নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির।
সোমবার (১৩ এপ্রিল ) বিকেলে তিনি উপজেলার বিভিন্ন ভাঙনপ্রবণ এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির বলেন, নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার সব ধরনের সহায়তা প্রদান করবে। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন, যাতে ভাঙন রোধে টেকসই ব্যবস্থা নেওয়া যায়।
এ সময় ঘিওর উপজেলা নির্বাহী অফিসার নাশিতা - তুল ইসলাম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। তারা ভাঙনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে এমপিকে অবহিত করেন এবং জরুরি ভিত্তিতে প্রতিরোধমূলক কাজ শুরু করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি বছর বর্ষা মৌসুমে নদী ভাঙনের কারণে তাদের ঘরবাড়ি, ফসলি জমি ও বসতভিটা হুমকির মুখে পড়ে। তারা দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
পরিদর্শন শেষে সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির নদী ভাঙ্গন কবলিত এলাকায় স্থায়ীভাবে নদী শাসন করে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
ভোরের আকাশ/ র.ই