গাজীপুরে অবৈধ শাখা স্কুল বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন

গাজীপুর মহানগরীতে শাখা স্কুল পরিচালনা ও শিক্ষা বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন গাজীপুর বেসরকারি স্কুল ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
বুধবার (২৫ নভেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সংগঠনের পক্ষ থেকে গাজীপুরের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘শিক্ষার মান রক্ষা কর, শিক্ষা বাণিজ্য বন্ধ কর’ স্লোগানসংবলিত ব্যানার নিয়ে অবৈধ শাখা স্কুল বাণিজ্য বন্ধের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন মোঃ আঃ মতিন, মো. কাউছার- উজ্জামান সরকার, নাজির আহমেদ, আজিজুল হক, সাজেদুল ইসলাম সেলিম, মোঃ শহীদুল ইসলাম মন্ডল, মোঃ ইউনুচ মিয়া, শারফুল ইসলাম আকন্দ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় কিছু প্রতিষ্ঠান একাধিক নামে স্কুলের শাখা পরিচালনা করছে। বিশেষ করে ‘টাঙ্গাইল শাহীন ক্যাডেট একাডেমী, গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমি ও শহীদ ক্যাডেট একাডেমি’সহ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাখা পরিচালনা, নাম ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি এবং শিক্ষা কার্যক্রমের আড়ালে বাণিজ্য পরিচালনার অভিযোগ তোলেন তারা।
বক্তারা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের নির্দিষ্ট অবকাঠামো, যোগ্য শিক্ষক, শিক্ষার্থীদের অনুকূল পরিবেশ এবং যথাযথ প্রশাসনিক অনুমোদন থাকা জরুরি। কিন্তু একই প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে বিভিন্ন এলাকায় একের পরল এক শাখা খোলার ফলে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এতে স্থানীয় দীর্ঘদিনের প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও নানা সংকটের মুখে পড়ছে।
তাদের অভিযোগ, এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিভাবকদের আকৃষ্ট করতে বিভ্রান্তিকর প্রচারণা, শাখা পরিচালনার নামে বিপুল অর্থ আদায়, শিক্ষার্থীদের ভর্তি বাণিজ্য এবং যথাযথ শিক্ষার পরিবেশ নিশ্চিত না করার মতো কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এর ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, এমপিওভুক্ত ও অন্যান্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।
মানববন্ধন শেষে গাজীপুর বেসরকারি স্কুল ঐক্য পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লিখিত অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
স্মারকলিপিতে চারটি প্রধান দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—অভিযোগে উল্লিখিত ক্যাডেট স্কুলগুলোর নামে পরিচালিত শাখাগুলোর কার্যক্রম তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় ও শিক্ষা বাণিজ্য বন্ধ করা, নতুন শাখা স্থাপনের অনুমতি না দেওয়া এবং একটি নামে একটি স্কুল থাকা।
এ ছাড়া স্মারকলিপিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বই সংগ্রহ, ইএমআইএস কোড প্রাপ্তি এবং বিভিন্ন এলাকায় শাখা বাতিলের দাবি জানানো হয়েছে।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, গাজীপুর মহানগরীর শিক্ষার পরিবেশ, অভিভাবকদের স্বার্থ এবং দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসা স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অধিকার ও মর্যাদা রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জেলা প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং প্রচলিত বিধিবিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
ভোরের আকাশ/রই