দুর্গাপূজায় মাধবপুর-চুনারুঘাটে সায়হাম গ্রুপের আর্থিক অনুদান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট উপজেলার ২০৩টি পূজামণ্ডপে ২০ লাখ টাকার বেশি আর্থিক অনুদান দিচ্ছে সায়হাম গ্রুপ। এর অংশ হিসেবে মাধবপুর উপজেলার ১১৮টি পূজামণ্ডপের প্রতিনিধিদের মধ্যে অনুদান বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সকালে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ অরুণ কুমার নাগ। বিশেষ অতিথি ছিলেন সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদ ও সায়হাম নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদ। সভা সঞ্চালনা করেন মাধবপুর পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন রায়।
সভায় সৈয়দ শাফকাত আহমেদ বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়; এটি আনন্দ, সম্প্রীতি ও ঐক্যের উদ্যাপন। অশুভের বিরুদ্ধে শুভ, অন্যায়ের বিরুদ্ধে ন্যায় এবং অন্ধকারের বিরুদ্ধে আলোর বিজয়ের বার্তা দেয় এ উৎসব। এর শিক্ষা সবার জন্য প্রযোজ্য।
তিনি বলেন, মাধবপুরের মানুষ একই মাটিতে জন্মেছেন ও বেড়ে উঠেছেন। তাঁদের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা এবং আশা-আকাঙ্ক্ষা পরস্পরের সঙ্গে জড়িয়ে আছে। ধর্ম ও উপাসনার পদ্ধতি ভিন্ন হলেও সবাই মানুষ, বাংলাদেশের নাগরিক ও মাধবপুরের বাসিন্দা। বৈচিত্র্যের মধ্যেই সমাজের সৌন্দর্য, আর পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও বিশ্বাসই সমাজের শক্তি।
সৈয়দ শাফকাত আহমেদ আরও বলেন, মাধবপুরের ১১৮টি পূজামণ্ডপে সহযোগিতা করতে পেরে তাঁরা আনন্দিত। পূজার আয়োজন করতে শ্রম, প্রস্তুতি ও আর্থিক দায়িত্ব নিতে হয়। অনুদানটি সব প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট না হলেও এর মাধ্যমে পূজার আনন্দে অংশীদার হওয়ার পাশাপাশি যেকোনো দুর্যোগে মানুষের পাশে থাকার বার্তা দিতে চান তাঁরা। এটি দান নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্ববোধের প্রকাশ।
সভায় আরও বক্তব্য দেন শিক্ষক হিমাংশু দেব, অধ্যাপক পঙ্কজ রায়, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, মাধবপুর পূজা উদ্যাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মনোজ কান্তি পাল, পূজা উদ্যাপন ফ্রন্টের আহ্বায়ক হীরেশ ভট্টাচার্য, পৌর আহ্বায়ক সুরঞ্জন পাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলরনি, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, চেয়ারম্যান আতাউল মোস্তাফা সোহেল, আধাঐর ইউনিয়ন পূজা উদ্যাপন পরিষদের সভাপতি মৃণাল বিশ্বাস ও বিউটি কৈরিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার ১১৮টি ও চুনারুঘাট উপজেলার ৮৪টি পূজামণ্ডপসহ মোট ২০৩টি পূজামণ্ডপে ২০ লাখ টাকার বেশি আর্থিক অনুদান দেওয়ার উদ্যোগ নিয়েছে সায়হাম গ্রুপ।
ভোরের আকাশ/সু.পা