রাকাবের বিতর্কিত কর্মকর্তাকে জোনাল ব্যবস্থাপক হিসেবে পুনঃপদায়ন
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) বিতর্কিত ডিজিএম খাইরুল ইসলাম ভোল পালটে আওয়ামী খোলস ছেড়ে জামায়াতের ট্যাগ লাগিয়ে পুনরায় জোনাল ব্যবস্থাপক হিসেবে বদলি আদেশ প্রাপ্ত হয়েছেন।
কৃষকের প্রতি নিষ্ঠুরতার চরম উদাহরণ তৈরি করেছিলেন তিনি আওয়ামী আমলের দিনগুলোতে জোনাল ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালনকালে।
এ কারণে ৫ আগস্ট-পরবর্তী ২১ আগস্টে নীলফামারী জেলার কর্মকর্তা-কর্মচারী কর্তৃক তিনি অবাঞ্ছিত ঘোষিত হন।
জানা যায়, জোনাল ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব নিলে টিএডিএ বিল বাবদ তিনি মাসিক অন্তত ২০ হাজার টাকাসহ বিভিন্ন শাখা পর্যায়ে বীমা কমিশন ও পছন্দসই ব্যবস্থাপক পদায়নের মাধ্যমে মোটা অঙ্কের অর্থের সংস্থান করতেই মূলত জোনাল ব্যবস্থাপক হিসেবে পদায়নের জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে একপ্রকার রাজনৈতিক চাপ প্রয়োগ করে এই বদলি আদেশ করেছেন।
রাকাব এমডি ভিজিলেন্স সেলে এ বছরের ১৭ ফেব্রুয়ারি ২১৯ ডেস পাসের পত্র মূলে জানা যায়, তিনি শুধু লালমনিরহাট জোনে দায়িত্ব পালনকালে ৯৩ জন কর্মকর্তা কর্মচারীকে ব্যাখ্যা তলব করেছিলেন যাকে অস্বাভাবিক ও নির্যাতনের শামিল হিসেবে উল্লেখ করা হয়েছে।
ফলে একই ব্যক্তিকে লালমনিরহাট জোনে পুনরায় বদলি করে জোনাল ব্যবস্থাপকের দায়িত্ব প্রদানে শাখা পর্যায়ের সব কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভয় ও ক্ষোভের সঞ্চার হয়েছে।
এ বিষয়ে ২০ সেপ্টেম্বর রংপুর জিএমের সাথে লালমনিরহাট জেলার ১৭ টি শাখার মধ্যে ১৫ জন ব্যবস্থাপক এবং ৫০ ঊর্ধ্ব মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী দেখা করে বদলি আদেশ প্রত্যাহারের আবেদন জানিয়েছে।
উল্লেখ্য যে, তাকে প্রথমে রংপুর বিভাগীয় অফিসে বদলি করা হলে রংপুর জেলার কর্মকর্তা কর্মচারীদের দাবির মুখে ঐদিনই পুনরায় প্রধান কার্যালয়, রাজশাহীতে বদলি করা হয়।
ভোরের আকাশ/ মো.আ.