এই দেশে হিন্দু মুসলিম ভাই ভাই, এই সম্পর্ক নষ্ট করেছিল ফ্যাসিস্ট সরকার আর এখন করছে জামায়াত- বিমানমন্ত্রী মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, হিন্দু মুসলিম ভাই ভাই এই সম্পর্ক সব সময় ছিল। এটা বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে কিছুটা নষ্ট হয়, আর এখন সে সম্পর্ক নষ্ট করার পায়তারা করছে জামায়াত।
তিনি আরো বলেন, আমরা ধৈর্য ধরতে ধরতে যদি ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তাহলে টু থার্ড মেজরিটির একটা সরকার কি করতে পারে এটা তো আপনারা সবাই জানেন, কিন্তু আমরা সেটা করতে চাই না। আমরা চাই এদেশের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, গরিব অঞ্চলের মানুষ যেন সক্ষমতা ফিরে পায়,পরিবার যাতে সচ্ছল হয়, তাদেরকে, সহযোগিতা করা এটা আমাদের দায়িত্ব।
আমাদের জনবহুল একটা দেশ, এই দেশে হিন্দু-মুসলিম ভাই ভাই। আমরা সব সময় এই স্লোগান দিয়ে থাকি, এটা এর আগেও ছিল এটা কিছু নষ্ট করেছিল ফ্যাসিস্ট সরকার আর এখন নষ্ট করার পায়তারা করছে জামায়াত। এই জামায়াতকে কোন খানে, কোন ধরনের অঘটন ঘটানোর চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে।
আমি ময়মনসিংহ বিভাগের দায়িত্বশীল মন্ত্রী হিসাবে ডিসিদেরকে কঠোর নির্দেশ দিয়েছি এখানে কাউকে কোন অঘটন করতে দেওয়া হবে না। কঠোর হস্তে দমন করা হবে, আমরা হিন্দু মুসলমানদের সুসম্পর্ক প্রতিষ্ঠা করতে চাই।
শুক্রবার (১৭ অক্টোবর) নিজ বাসভবনে, বিএনপির পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের জন্য পূজা মন্ডপে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহরুল হোসেন, মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, সিনিয়র সহ-সভাপতি শ্যামল চন্দ্র প্রমুখ।
ভোরের আকাশ/ইউএম